সামশুল আলম রানা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষ, সাহসী ও পেশাদার কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) পদে পদায়ন করা হয়েছে। সিএমপি কমিশনার স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে এই বদলি করা হয়। নতুন দায়িত্বে তিনি সিএমপি সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা, প্রশাসনিক সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম তদারক করবেন। সিএমপির প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে চলমান পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে।
সংকট মোকাবিলায় অনন্য দৃষ্টান্ত
দীর্ঘ কর্মজীবনে আমিরুল ইসলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশাসনিক দক্ষতা, দৃঢ় নেতৃত্ব ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় নেওয়ার পাশাপাশি উত্তেজিত জনতার হাত থেকে সেখানে আটকে পড়া সংবাদকর্মী এবং পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধারে তাঁর বীরত্বপূর্ণ নেতৃত্ব সর্বমহলে প্রশংসিত হয়েছে। স্থানীয়দের মতে, সংকটে জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তার বৈশিষ্ট্য, যার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন ডিসি আমিরুল ইসলাম।
অনৈতিক সুবিধা না পেয়ে কতিপয় মিডিয়ার অপপ্রচার: নাগরিক সমাজের নিন্দা
অনুসন্ধানে জানা গেছে, বাকলিয়ার সেই উত্তাল পরিস্থিতিতে আটকে পড়া যে সাংবাদিকদের ডিসি আমিরুল ইসলাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছিলেন, তাদেরই একটি অংশ এখন তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগের দোসরদের এজেন্ডা বাস্তবায়নকারী কতিপয় মিডিয়া ও সংবাদকর্মী ডিসি আমিরুল ইসলামের কাছ থেকে কোনো ধরণের অনৈতিক সুবিধা হাসিল করতে না পেরেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাদা ছোড়াছুড়ি শুরু করেছে।
চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে, আওয়ামী দোসরদের এজেন্ডা বাস্তবায়নকারী কতিপয় হলুদ সাংবাদিকদের এহেন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ। সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও ডিসি আমিরুল ইসলাম তাঁর চেনা দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অনন্য উচ্চতায় পৌঁছাবেন।