শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ’: আশুলিয়ায় বিএনপির জনসভায় সালাউদ্দিন বাবু

 

মোঃ হাবিবুর রহমান ঢাকা 

আশুলিয়া (ঢাকা): আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তাঁর রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রোববার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

সমাবেশে সালাউদ্দিন বাবু বলেন, “যারা ভাবছেন শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। বিগত সরকারের শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, তাই জনগণ আর সেই শাসনে ফিরে যেতে চায় না।” বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপির আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি জনসভা থেকে আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে আব্দুল কালাম এবং ৩ নম্বর ওয়ার্ডে আমিনুর রহমানের নাম দলীয় প্রার্থী হিসেবে তুলে ধরেন সালাউদ্দিন বাবু।

মনোনয়ন পেয়ে আব্দুস সোবহান তাঁর প্রতিক্রিয়ায় সালাউদ্দিন বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “অতীতে মামলার মুখোমুখি হলেও দলের আদর্শ ত্যাগ করিনি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।”

পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মইনউদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ গফুর মিয়া, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আহাদ মাদবরসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।