চট্টগ্রামের বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী হাসান টেকনাফ থেকে উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

, চট্টগ্রাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে (৩০) অক্ষত অবস্থায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত অভিযোগে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে বাঁশখালী থানায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

যেভাবে ঘটেছিল অপহরণ: পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর (শনিবার) রাত সাড়ে আটটার দিকে পুঁইছড়ি প্রেমবাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’-এ অবস্থান করছিলেন ব্যবসায়ী হাসান। এ সময় কালো পোশাক ও মাস্ক পরিহিত চার ব্যক্তি নিজেদের ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)’-এর সদস্য পরিচয় দিয়ে তাঁর হাতে হাতকড়া পরিয়ে ফিল্মি স্টাইলে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

উদ্ধার অভিযান ও নির্যাতন: ঘটনাটি জানাজানি হওয়ার পর পরই নড়েচড়ে বসে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যৌথ ও একাধিক দলের ব্যাপক তৎপরতা এবং চিরুনি অভিযানের মুখে পড়ে অপহরণকারীরা।

পরিবারের সদস্যরা জানান, অপহরণকারীরা হাসানকে প্রথমে একটি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আটকে রাখে এবং সেখানে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। পাশাপাশি মুক্তিপণ হিসেবে বড় অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর চাপের মুখে পড়ে মঙ্গলবার রাতে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

থানায় জনতার ভিড়: আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধারকৃত ব্যবসায়ী হাসানকে বাঁশখালী থানায় নিয়ে আসা হয়। প্রিয়জনকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যসহ শত শত স্থানীয় মানুষ তাকে একনজর দেখার জন্য থানা চত্বরে ভিড় জমান।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীর ওপর নির্যাতন ও অপহরণের নেপথ্যে থাকা মূল চক্র এবং বাকি জড়িতদের বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত প্রকাশ করা হবে।