প্রাইভেট সেক্টরের বিনিয়োগে চালু হচ্ছে আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বেসরকারি খাতে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাধ্যমে চট্টগ্রামের বন্ধ থাকা ঐতিহাসিক আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিলস আবারও চালু করার উদ্যোগ গ্রহণ রেছে বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে কারখানা দুটি পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এই আশাবাদের কথা জানান।

পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো এই মিলগুলোকে প্রাইভেট সেক্টরের বিনিয়োগকারীদের মাধ্যমে আবার চালু করা। কারখানা দুটি পুনরায় উৎপাদনে ফিরলে স্থানীয় পর্যায়ে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি দেশি-বিদেশি বড় বড় বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক গতির সঞ্চার হবে।”

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আরও উল্লেখ করেন, বন্ধ থাকা বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিলগুলো চালু করা বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের দেশীয় ও আন্তর্জাতিক বাজার ধরে রাখতে এবং টেক্সটাইল খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে আধুনিক প্রযুক্তি ও বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে এসব বন্ধ কারখানাগুলো কার্যকর উৎপাদন কেন্দ্রে পরিণত করা হচ্ছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মিল দুটির বর্তমান অবস্থা, অবকাঠামো ও উৎপাদন সম্ভাবনার সার্বিক চিত্র তুলে ধরেন।