মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা:
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬টি উপজেলায় এক দিনে এক লাখ চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রজাতির ৪ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ, পৌরসভা এলাকা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশবান্ধব ও ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বন বিভাগের সদস্যরা।
কর্মসূচিতে ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, “সরকারের আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অংশীদার হতে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে। চারাগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি।”
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং চারাগুলোর নিয়মিত দেখভালের আশ্বায় দেন।