মো: খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
চট্টগ্রামের সাতকানিয়ায় ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক ‘উত্তর সাতকানিয়া উপজেলা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার প্রাণকেন্দ্র কেরানীহাটে এ মহাসমাবেশের আয়োজন করা হয়।
উত্তর সাতকানিয়া বিএনপি নেতা কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।
লক্ষাধিক জনসমাগমে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, “উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন আমার নির্বাচনী অঙ্গীকার। উত্তর সাতকানিয়ার ছয়টি ইউনিয়ন জাতীয় নির্বাচনে চন্দনাইশের সাথে এবং উপজেলা নির্বাচনে সাতকানিয়ার সাথে যুক্ত থাকায় এখানকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।”
এ সময় তিনি উত্তর সাতকানিয়ার উন্নয়নে একাধিক তাত্ক্ষণিক পদক্ষেপ ও পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল থেকেই উত্তর সাতকানিয়ার ছয়টি ইউনিয়নের গ্রামগুলোতে ৬০টি রাস্তার কাজ শুরু হবে। বিশুদ্ধ পানির সংকট নিরসনে এলাকায় ৫৪টি নলকূপ স্থাপন করা হবে, যার মধ্যে ৪টি স্থাপন করা হবে কেরানীহাট এলাকায়। এছাড়া কেরানীহাট কাঁচাবাজারে চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ এবং এলাকা পরিচ্ছন্ন রাখতে রোববার থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রধান অতিথি বলেন, “কেরানীহাটে আমার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করতে আসলে তাকে খুঁটির সাথে বেঁধে রাখবেন। কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।”
মহাসমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদ আলী, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা তসলিম উদ্দিন, হারুন রশীদ, শামসুল ইসলাম, ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন হিরু, আরমান হোসেন, সবুর সায়েম, নাসির উদ্দীন এবং উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুল্লাহ, তারেক হোসেন ও সোহেল উদ্দিনসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ