মো: আব্দুল মোমিন চট্টগ্রাম
রাঙামাটির কাপ্তাই হ্রদে একটি যাত্রীবাহী দ্রুতগামী লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ছোট নৌযান (ইঞ্জিনচালিত নৌকা) ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় চালকসহ নৌযানের ১২ আরোহীর সবাই অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাঙামাটি সদর থেকে বরকল উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল যাত্রীবাহী ছোট নৌযানটি। পথিমধ্যে সুবলং বাজার এলাকায় পৌঁছালে রাঙামাটি থেকে দূরপাল্লার গন্তব্য মাইনীমুখের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘এমএল বিজলি’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ওই ছোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। লঞ্চের ধাক্কায় নৌকাটি মুহূর্তেই উল্টে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যায়।
দুর্ঘটনাটি দৃশ্যমান হতেই লঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী এবং সুবলং বাজারের স্থানীয় লোকজন দ্রুত নৌকা ও ট্রলার নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। তাদের যৌথ প্রচেষ্টায় পানিতে পড়া চালক ও ১১ জন যাত্রীসহ মোট ১২ জনকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, “দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজন এবং লঞ্চের স্টাফরা অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। নৌযানে থাকা সব আরোহীকে উদ্ধার করা হয়েছে, এই মুহূর্তে কেউ নিখোঁজ বা গুরুতর আহত নেই।”
এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, ইঞ্জিনচালিত ছোট নৌকাটি দ্রুত গতিতে গিয়ে চলন্ত লঞ্চটির আগে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত লঞ্চের পেছনের অংশে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়।
হ্রদে নৌযান চলাচলে আরও সতর্ক হওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও নৌ-পুলিশের পক্ষ থেকে চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।