কালুরঘাট সেতু নির্মাণ ও চসিক নির্বাচনসহ ১০ দফা দাবিতে সোচ্চার বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম

 

সশুল আলম রানা:

চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট সেতু নির্মাণ, দ্রুত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন আয়োজন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক দাবিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনে অনুষ্ঠিত মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি হামিদ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সেলিম।

সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম অর্থনৈতিক ও শিল্প কেন্দ্র হওয়া সত্ত্বেও চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, যানজট, ফুটপাত দখল এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটে ভুগছেন। এসব নাগরিক সমস্যা সমাধানে ফোরামের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও গোলটেবিল বৈঠকের মতো কর্মসূচি গ্রহণ করা হবে।

সভার মূল সিদ্ধান্ত ও দাবিসমূহ:

কালুরঘাট সেতু নির্মাণ: দক্ষিণ চট্টগ্রামসহ পুরো অঞ্চলের অর্থনৈতিক যোগাযোগের স্বার্থে কালুরঘাট সেতু দ্রুত নির্মাণের জোর দাবি জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রয়োজনে ঢাকায় গোলটেবিল বৈঠক আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

দ্রুত চসিক নির্বাচন: জনপ্রতিনিধি না থাকায় নগরীর ওয়ার্ডগুলোতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে উল্লেখ করে দ্রুত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা।

জলাবদ্ধতা ও যানজট নিরসন: চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা এবং খালের পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়। এছাড়া ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি উঠে আসে।

সংগঠন বিস্তার: নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে তৃণমূলের সাধারণ মানুষকে নাগরিক ফোরামের সঙ্গে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। এতে কক্সবাজার ক্লাব লিমিটেডের সভাপতি আবু সৈয়দকে চেয়ারম্যান এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন মহানগর সিনিয়র সহ-সভাপতি লায়ন জিল্লুর রহমান শাকিল, ওয়াহিদুল আলম মাস্টার, মহসিন মিয়া, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ শামসুল আলম রানা, লায়ন মিনহাজুর রহমান, সাজু তালুকদার, লায়ন ফরহাদ মোস্তফা, মোহাম্মদ বেলাল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে চট্টগ্রামসহ পুরো পার্বত্য ও উপকূলীয় এলাকার নাগরিক স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।