কাজী প্রিয়া আক্তার মুক্তা
চট্টগ্রামের সীতাকুণ্ডে আনন্দ ভ্রমণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফেনীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকার চৌধুরীপাড়া সড়কের মুখে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী ইউনিয়নের সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে জিহানুল ইসলাম শাওন (২২)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান ও শাওন তাঁদের বন্ধুদের সাথে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাতযাপন শেষে বৃহস্পতিবার সকালে তাঁরা মোটরসাইকেলে করে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে একটি রেজিস্ট্রেশনবিহীন বেপরোয়া গতির ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত শাওনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে