
মোঃ আব্দুল মোমিন চট্টগ্রাম
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।
রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপ-সচিব জুয়েল রানা।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইন অনুযায়ী, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬-এর ৪-এর ৩ উপধারা মোতাবেক তিনি সিটি করপোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। একই সঙ্গে বিধি মোতাবেক নির্ধারিত মাসিক সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন তিনি।
মামলা ও আইনি প্রেক্ষাপট:
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবিতে আদালতে মামলা দায়ের করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর, একই বছরের ১ অক্টোবর আদালত তাঁকে চসিকের বৈধ মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন।
নতুন এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে তিনি আইনসম্মতভাবে পূর্ণকালীন প্রশাসক হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসনিক ও মেয়রের সমমানের ক্ষমতার দায়িত্ব গ্রহণ করলেন।