মো: সেকান্দর আলম চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল-মিটিং করার অভিযোগে যুবলীগ নেতা টুনটু দাশ বিজয়কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর উত্তর কাট্টলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত টুনটু দাশ বিজয় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার সুধীর দাশের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
টুনটু দাশের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ আবদুর রহিম জানান, সম্প্রতি চট্টগ্রাম নগরীতে আইন অমান্য করে এবং নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল-সমাবেশ করার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত টুনটু দাশ বিজয়ের বিরুদ্ধে নগরীর আকবরশাহ ও কোতোয়ালী থানায় পূর্বের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।