ধর্মীয় বৈষম্য নয়, প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: মীর হেলাল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামের কণ্ঠ:

ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হাটহাজারীর চৌধুরীহাট পল্লী সংগঠন সমিতির মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই। হাটহাজারীর সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক। আপনারা ভালোবেসে যে আমানত ও আস্থা আমাদের ওপর রেখেছেন, কাজের মাধ্যমে আমরা তার মর্যাদা রক্ষা করব। হাটহাজারীর সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।”

ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “হিন্দু, বৌদ্ধ কিংবা অন্য যেকোনো ধর্মের মানুষের ওপর অন্যায্য হামলা বা ক্ষতির চেষ্টা করা হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, “দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি চট্টগ্রামের দীর্ঘদিনের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য প্রতীক। উৎসবের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ লাখ টাকা বরাদ্দসহ চট্টগ্রাম মহানগরী ও জেলাজুড়ে প্রায় ১০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।” তিনি জানান, যেকোনা প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের পাশে থাকা জেলা পরিষদের ধারাবাহিক অঙ্গীকারের অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মোমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক গাজী ইউসুফ, হাটহাজারী উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত ও মোহাম্মদ ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।