পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ে মাননীয় সংসদ সদস্য জসিম উদ্দিনকে সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক: মোঃ খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি তারিখ: ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ-কে গণসংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব কামরুল হাসান তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাজীব দাশ পুরকায়স্থ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জনাব মোহাম্মদ আবদুল আলীম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাতকানিয়া থানা, চট্টগ্রাম।

জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাতকানিয়া।

জনাব আশীষ বরণ দেব, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সাতকানিয়া।

জনাব স্বপন কুমার দে, প্রধান শিক্ষক, পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়।

জনাব মোঃ নাসির উদ্দিন, অভিভাবক সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটি।

জনাব অপু কুমার বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুশিক্ষিত ও নীতিবান প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীসমাজকে একযোগে কাজ করতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।” তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রযাত্রায় পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে ফুলেল সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর অভিভাবক সমাবেশে বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির বিষয়ে বিশদ আলোচনা করেন।

আলোচনা সভা ও সংবর্ধনা পর্ব শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সাফল্যমণ্ডিত করে তোলেন।