স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা, গ্রেফতারের তৎপরতা নেই, আনোয়ারা থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

চট্টগ্রাম প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।
জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতেও তাঁর প্রকাশ্য বিচরণ নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, জুলাই বিপ্লবের ঘটনায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ঘিরে দায়ের করা মামলাসহ ডাকাতি, অস্ত্র এবং একাধিক ফৌজদারি মামলায় তাঁর নাম রয়েছে। এমনকি এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্যও সামনে এসেছে বলে অভিযোগকারীদের দাবি।
শুধু রাজনৈতিক বা ফৌজদারি অভিযোগই নয়, নগরীর সাংবাদিক হাসানুল আলমের স্ত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। বিষয়টি সাংবাদিক হাসানুল আলম সরাসরি আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন বলে জানা গেছে। কিন্তু অভিযোগের পরও দৃশ্যমান আইনগত পদক্ষেপ না থাকায় ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে।
প্রশ্ন উঠছে, একাধিক মামলার অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও কীভাবে তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? তাঁর গ্রেপ্তার না হওয়ার পেছনে কোনো প্রভাব, সুপারিশ কিংবা প্রশাসনিক নিষ্ক্রিয়তা কাজ করছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, জুঁইদন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অপরাধী চক্রের তৎপরতা বেড়েছে। বিশেষ করে জুঁইদন্ডী বাজারে রাতের আঁধারে মাদক কেনাবেচা ও মাদকসেবীদের আনাগোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর অভিযান প্রয়োজন।
সবচেয়ে বড় প্রশ্ন—অভিযোগ ও মামলার তথ্য পুলিশের কাছে থাকার পরও কেন কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়? অপরাধের বিরুদ্ধে আইন কি সবার জন্য সমান, নাকি রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কাছে আইন প্রয়োগও থমকে যায়?
আনোয়ারা থানা পুলিশের কাছে জনমতের স্পষ্ট প্রশ্ন: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা কী? গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তা কার্যকর হচ্ছে না কেন? সাংবাদিক হাসানুল আলমের স্ত্রীর ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া যায়।