
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–২’র আওতাধীন বিভিন্ন এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। চলতি বছরের জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত সাড়ে চার মাসে সমিতির আটটি জোনের বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে ৬৯টি ট্রান্সফরমার। এসব ট্রান্সফরমারের মূল্য প্রায় ৫৮ লাখ ২৭ হাজার ৯৯৮ টাকা। চুরির ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি নতুন ট্রান্সফরমার স্থাপনের ব্যয়ের বোঝাও এসে পড়ছে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের ওপর।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–২ সূত্রে জানা যায়, চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর মধ্যে রয়েছে ৫ কেভিএ ক্ষমতার ২২টি, ১০ কেভিএ ক্ষমতার ২৮টি, ১৫ কেভিএ ক্ষমতার ১৬টি, ২৫ কেভিএ ক্ষমতার দুটি এবং ৫০ কেভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমার। এসব ট্রান্সফরমারের প্রতিটির মূল্য যথাক্রমে ৫৯ হাজার ৬৯৫ টাকা, ৮৩ হাজার ৮১৫ টাকা, ৯৯ হাজার ৯৯০ টাকা, ১ লাখ ৫০ হাজার ৭০৯ টাকা ও ২ লাখ ৮০ হাজার ৪০২ টাকা।
সমিতির তথ্য অনুযায়ী, চুরি হওয়া ট্রান্সফরমারের মধ্যে সদর দপ্তরের আওতাধীন এলাকায় ১৬টি, ফটিকছড়িতে ১৭টি, রাঙ্গুনিয়ায় ১২টি, নোয়াপাড়ায় ১০টি, দাতমারায় ছয়টি, আজাদী বাজারে চারটি এবং নাজিরহাটে চারটি। আটটি জোনের মধ্যে ফটিকছড়িতে সবচেয়ে বেশি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাউজান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পল্লী বিদ্যুতের অধিকাংশ ট্রান্সফরমার বসানো হয়েছে জনবসতি থেকে দূরে খালপাড়, বিল কিংবা ফসলি জমির মাঝখানে স্থাপিত খুঁটির ওপর। রাতের আঁধারে এসব নির্জন স্থানের সুযোগ নিয়ে চোরচক্র ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে গ্রাহকেরা সেটিকে স্বাভাবিক লোডশেডিং মনে করেন। ফলে রাতে কেউ খোঁজ নিতে বের হন না। সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন, বিদ্যুতের খুঁটিতে আর ট্রান্সফরমার নেই।
চোরচক্রের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা উদ্বেগ। তাদের ধারণা, ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো এবং ভেতরের তামার কয়েল খুলে নেওয়ার কাজ সাধারণ চোরের পক্ষে সম্ভব নয়। এ কাজে বিদ্যুৎ সরঞ্জাম সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকতে পারে। সমপ্রতি রাউজানের ডাবুয়া ইউনিয়নের খোশাল তালুকদার বাড়ি থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। পরে খুঁটির নিচে ট্রান্সফরমারের ধাতব খোলস পড়ে থাকতে দেখা যায়। চোরেরা ভেতরের তামার কয়েল খুলে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।
রাউজানের স্থানীয় বাসিন্দা নাইমুল হাসান জানান, কয়েক মাসের ব্যবধানে তাদের ইউনিয়নে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ খোশাল তালুকদার বাড়ি থেকে ১০ কেভিএ ক্ষমতার ট্রান্সফরমারটি চুরি হয়। পরে প্রায় ৮৫ হাজার টাকা ব্যয়ে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে হয়েছে, যার অর্ধেক ব্যয় বহন করতে হয়েছে গ্রাহকদের।
পল্লী বিদ্যুৎ সমিতির প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের ব্যয়ের অর্ধেক সংশ্লিষ্ট গ্রাহকদের বহন করতে হয়। একই এলাকায় দ্বিতীয়বার চুরি হলে পুনঃস্থাপনের সম্পূর্ণ ব্যয় বহন করতে হয় গ্রাহকদের। ফলে চোরচক্রের অপরাধের আর্থিক দায়ও শেষ পর্যন্ত এসে পড়ছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর। এতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–২’র সহকারী মহাব্যবস্থাপক শেখ মোহাম্মদ ইমরান জানান, গত চার মাসে ৬৯টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় এফআইআর করা হয়েছে। চুরি প্রতিরোধ এবং গ্রাহকদের সচেতনতা বাড়াতে মাইকিংয়ের পাশাপাশি নিয়মিত দিন–রাত অভিযান ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ গওহার চৌধুরী বলেন, প্রতিটি চুরির ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। কিছু ঘটনায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা ধরাও পড়েছে। ট্রান্সফরমার চুরি প্রতিরোধে গ্রাহকদেরও সচেতন হতে হবে। গ্রাহকদের কাছ থেকে পুনঃস্থাপনের ব্যয় আদায়ের বিষয়ে তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। নির্ধারিত নীতিমালার আলোকে লাভ নয়, লোকসান নয় ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী জানান, রাউজানের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। প্রশিক্ষিত ও কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তি ছাড়া এ ধরনের চুরি করা কঠিন। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা শুধু বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করছে না, বাড়তি আর্থিক চাপ তৈরি করছে সাধারণ গ্রাহকদের জন্যও। বিশেষ করে নির্জন স্থানে স্থাপিত ট্রান্সফরমারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং চোরাই তামার কয়েল কেনাবেচার উৎস খুঁজে বের করা জরুরি। অন্যথায় ট্রান্সফরমার চুরির এই প্রবণতা বন্ধ করা কঠিন হয়ে পড়বে।

