বাইকের সিটের নিচে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবা, চান্দগাঁওয়ে যুবক গ্রেপ্তার

মো: আব্দুল মোমিন চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচ থেকে সাড়ে ২৩ লাখ টাকা মূল্যের ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম ইমন ধর (২৮)। সে কক্সবাজার জেলার রামু থানার শ্রীকুল এলাকার বাদল চন্দ্র ধরের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গোপন সংবাদ ছিল যে কক্সবাজার থেকে মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বহদ্দারহাট এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে র‍্যাব। সন্দেহভাজন মোটরসাইকেলটি সিগন্যাল দিয়ে থামানোর পর চালক ইমন ধরের আচরণ সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে মোটরসাইকেলটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৬ হাজার টাকা।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে তা বিক্রি করে আসছিল। জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে