সংগঠন যত বড় হবে আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে: মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার প্রতিনিধি:

সংগঠন যত বড় হবে আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “জামায়াতের শপথের কর্মীদের আদর্শিক প্রভাব সমাজে ফেলতে হবে। শুধু কথাই নয়, সার্বিক মোয়ামালাত ও আচরণের মাধ্যমে মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করতে হবে।”

২০২৭-২০২৮ কার্যকালের জন্য কক্সবাজার জেলা আমীর নির্বাচন উপলক্ষে গত মঙ্গলবার (২১ অক্টোবর) জেলাব্যাপী তিনটি পৃথক স্থানে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় উখিয়া-টেকনাফ উপজেলা, সকাল সাড়ে এগারোটায় কক্সবাজার সদর জোন পাবলিক হল এবং বিকাল চারটায় চকরিয়া জোনে আয়োজিত এসব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তিনি।

কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, “দেশ আজ কঠিন সংকটে নিপতিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটে দেশের আপামর জনসাধারণ উদ্বেগ-উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের পথে না গিয়ে সংকট সৃষ্টি করে রাখা হয়েছে।” সৃষ্ট সংকট থেকে উত্তরণে সরকারের একগুঁয়েমি পরিহার করে সমঝোতার ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীকে একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, “দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার যে ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে, তা বাংলাদেশে একমাত্র জামায়াতে ইসলামীতেই দেখা যায়। গঠনতান্ত্রিক ধারাবাহিকতায় প্রতি দুই বছর পর পর জেলা থেকে ইউনিট পর্যন্ত দায়িত্বশীল নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়। তার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।” তিনি উল্লেখ করেন, সংগঠনের বিস্তৃতি ও বিপুল সংখ্যক জনশক্তির সম্মিলন যেভাবে দলকে এগিয়ে নিচ্ছে, তেমনি কিছু চ্যালেঞ্জও তৈরি হয়; যা জামায়াত তার ঐতিহ্য ও গঠনতন্ত্র অনুসরণ করেই মোকাবিলা করে আসছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

এবারের রুকন সম্মেলনসমূহে জেলা কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারিসহ কক্সবাজার জেলার প্রায় দেড় হাজারের অধিক পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষভাবে জেলা আমীর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।