সিএমপি ডিবির অভিযানে সাড়ে ৩ লাখের কাছাকাছি ইয়াবাসহ গ্রেফতার ১, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের এক অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ রুহুল আমিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা চালানে ব্যবহৃত যশোর ট-১১-২৫৬৩ নম্বরের একটি বিশেষ ট্রাক জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ডাবলমুরিং থানাধীন মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ট্রাকে করে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ এর একটি আভিযানিক দল মনসুরাবাদ এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি পৌঁছালে সেটিকে আটক করা হয়।
পরবর্তীতে চালক রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, ট্রাকের পাটাতনের নিচে একটি বিশেষ চেম্বার বানিয়ে তার ভেতরে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে। পরে আসামির দেখানো মতে চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিএমপির গোয়েন্দা পুলিশ জানায়, এই ঘটনায় সংশ্লিষ্ট ডাবলমুরিং মডেল থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।