ইস্টার্ন রিফাইনারি ও জেটি ঘাট পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ERL) এবং এর সংশ্লিষ্ট জেটি ঘাট পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) দুপুরে তিনি এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে সিএমপি কমিশনার সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা বলয়, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত নিরাপত্তার দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এসময় তিনি ইস্টার্ন রিফাইনারির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বরত কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। দেশের গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিরাপত্তা নিশ্চিতকরণে সিএমপি কমিশনারের এমন তৎপরতাকে বন্দরনগরীর শিল্প ও জ্বালানি খাতের নিরাপত্তার জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।