মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
চট্টগ্রামের সাতকানিয়ায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কো-অর্ডিনেশন বা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ: সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এ.টি.এম. মনজুর মোর্শেদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব খোন্দকার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি)। পুরো সভাটি সঞ্চালনা করেন উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ।
সভার মূল আলোচনা: সভায় বক্তারা জানান, আগামী হাম-রুবেলা ক্যাম্পেইনে উপজেলার কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে হাম-রুবেলা নির্মূলের বিকল্প নেই। এই ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।”
সভাপতির বক্তব্যে ডা. মনজুর মোর্শেদ স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি তুলে ধরেন এবং টিকাদান কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সভায় স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।