মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান ও উদ্ধার: পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার একটি বিশেষ দল মাদার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমণি বাগানে অভিযান চালায়। সেখানে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় এলজি, ১টি একনলা বন্দুক, ১টি ধারালো কিরিচ এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ রাশেদ (১৮), পিতা-আবুল কালাম, সাং-খুরুসকুল (ডেইল পাড়া), কক্সবাজার সদর।
২. মোঃ আকিব (২০), পিতা-মোঃ মজনু, সাং-রহমত পাড়া (৯নং ওয়ার্ড), রাউজান।
৩. মোঃ রবিন (২৫), পিতা-আইয়ুব আলী, সাং-আলিখীল (৯নং ওয়ার্ড), রাউজান।
আইনি ব্যবস্থা: সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।