আব্দুল মোমিন চট্টগ্রাম
“দান নয়, সম্মানের অধিকার”–এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরীতে ‘১ টাকায় কুরবানির বাজার’ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। অভিনব এই সুপারশপ থেকে গতকাল শনিবার (২৩ মে) নামমাত্র মূল্যে ঈদের বাজার করার সুযোগ পেয়েছেন নগরীর প্রায় ৫০০ শতাধিক ছিন্নমূল ও দরিদ্র পরিবার। যেখানে প্রতিটি পরিবার মাত্র ১০ টাকার বিনিময়ে ঘরে নিয়ে গেছেন অন্তত ৬০০ থেকে ৭০০ টাকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন কাপড়।
শনিবার সকাল ১১টায় নগরীতে ‘গরীবের এই সুপারশপ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি আধুনিক সুপারশপের আদলেই সাজানো হয়েছে বিদ্যানন্দের এই বাজার। চাল, ডাল, চিনি, সুজি, ডিম, তেল, নতুন কাপড়, ব্যাগসহ প্রায় ১৭ ধরনের পণ্যের পসরা সাজানো হয়েছে সেখানে। বাজারে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে অবিশ্বাস্য রকমের কম। মাত্র ১ টাকায় মিলছে ১ কেজি চাল কিংবা ১ কেজি সুজি, ৩ টাকায় পাওয়া যাচ্ছে ১ লিটার তেল, আর মাত্র ১ টাকায় মিলছে ৪ প্যাকেট নুডলস। সুবিধাভোগী প্রতিটি পরিবারকে দেওয়া হয় ১০ টাকার ‘ডামি কয়েন’। এই কয়েন দিয়ে তারা নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবে এবং সর্বোচ্চ সম্মানের সাথে পণ্যসামগ্রী কিনে নেন।
উদ্বোধনকালে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দরিদ্র মানুষদের নাগরিক সম্মান অক্ষুণ্ণ রেখে সাহায্য করার যে অভিনব পদ্ধতি বিদ্যানন্দ চালু করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বর্তমান অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়ে অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের ঈদকে অর্থবহ করতে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় নিয়ে পাশে দাঁড়ানোয় আমি বিদ্যানন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, মানবতার কল্যাণে তাদের এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আয়োজন প্রসঙ্গে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, “আমরা চাই না কেউ সাহায্য নিতে এসে কোনো ধরনের অস্বস্তি বা হীনম্মন্যতায় ভুগুক। ঈদ সবার জন্য আনন্দের। আর সেই আনন্দ যেন পূর্ণ সম্মানের সাথে প্রতিটি প্রান্তিক মানুষের ঘরে পৌঁছায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
মূল্যস্ফীতির এই বাজারে মাত্র ১ টাকায় ঈদের নতুন কাপড় আর ৭০০ টাকার বাজার করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপস্থিত দরিদ্র ও ছিন্নমূল পরিবারের মানুষেরা।