মিরপুরে শিশু রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ, আজই চার্জশিট

মো: সেকান্দর আলম

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় ফরেনসিক রিপোর্ট সম্পন্ন হয়েছে। রিপোর্টে মৃত্যুর আগে শিশুটিকে নির্মমভাবে ধর্ষণের প্রমাণ মিলেছে। আজ রবিবার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মরদেহ বিকৃত করা হয়। এই লোমহর্ষক ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজই আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে।

এর আগে, গতকাল শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত কর্মকর্তার কাছে এই মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে। সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, চাঞ্চল্যকর এই মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে শিশু রামিসা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা জানান, গত মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি রামিসাকে ফুঁসলিয়ে নিজের কক্ষে নিয়ে যান এবং এই পাশবিক ঘটনা ঘটান। জবানবন্দিতে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার সময় তার স্ত্রী স্বপ্নাও একই কক্ষে উপস্থিত ছিলেন।

পুলিশের দায়ের করা আবেদন থেকে জানা যায়, নিহত রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার সকালে সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।