আন্দরকিল্লায় ফুটপাত ও সড়কে উচ্ছেদ অভিযান: ১৫০টিরও বেশি অবৈধ দোকান অপসারণ, জরিমানা ১৮ হাজার

কাজী প্রিয়া আক্তার মুক্তা

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় থেকে দেওয়ান বাজার পর্যন্ত এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ রোববার (৭ জুন) বিকেলে পরিচালিত এই অভিযানে সড়ক ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে সিরাজউদ্দৌলা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ান বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে এ কার্যক্রম চলে।

অভিযান চলাকালীন ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে রাখা সব ধরণের ভাসমান দোকানপাট সরিয়ে দিয়ে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়। এছাড়া, ফুটপাতে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিক সূত্র জানায়, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে এবং যানজট নিরসনে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।