চট্টগ্রাম-কক্সবাজারে অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: ১১ হাজার টাকা জরিমানা ও হর্ণ জব্দ

মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৪টি যানবাহনকে ১১,০০০ টাকা জরিমানা এবং ৮টি অবৈধ হর্ণ জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ খ্রিঃ) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মং এছেন এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

অভিযানের বিবরণ ও দণ্ডপ্রাপ্তদের তালিকা

পরিবেশের জন্য ক্ষতিকর ও শব্দদূষণকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে পৃথক ৪টি মামলায় ৪ জন চালককে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন:

দ্বিপঙ্কর রায় (পিতা: রক্ষিত চন্দ্র রায়, সাং: নওগাঁ)— ৩,০০০/- টাকা জরিমানা।

সাইফুল (পিতা: আবু তাহের, সাং: চকরিয়া, কক্সবাজার)— ২,৫০০/- টাকা জরিমানা।

আব্দুর রহিম (পিতা: আলী হোসেন, সাং: চকরিয়া, কক্সবাজার)— ৩,০০০/- টাকা জরিমানা।

সাজুর বড়ুয়া (পিতা: মৃত লিলু বড়ুয়া, সাং: উখিয়া, কক্সবাজার)— ২,৫০০/- টাকা জরিমানা।

সহযোগিতা ও উপস্থিতি

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস। এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করেন একই কার্যালয়ের গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম, লোহাগাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা।

শব্দদূষণ রোধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।