মোঃ সেকেন্দর আলম চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় মোবাইল সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৭টার দিকে মোহরা লায়লা টাওয়ারের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. সাকিব সিএমবি এলাকার আটগাছতলার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মোবাইল সংক্রান্ত একটি বিষয় নিয়ে সাকিবের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ তৈরি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মোহরা লায়লা টাওয়ারের সামনে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় তাকে উপযুপরি ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।