দৈনিক সাঙ্গুর সিনিয়র স্টাফ ফটোগ্রাফার জাহাঙ্গীর আলমের ওপর হামলার প্রতিবাদে চটগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

দৈনিক সাঙ্গু পত্রিকার সিনিয়র স্টাফ ফটোগ্রাফার মো: জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ মে ২০২৬ইং (রবিবার) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘সাঙ্গু পরিবার’-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর একের পর এক বর্বরোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। দৈনিক সাঙ্গু পত্রিকার সিনিয়র স্টাফ ফটোসাংবাদিক জাহাঙ্গীর আলমের ওপর যারা কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তারা সমাজের শত্রু।

ব্যানারে উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসী হামলাকারী মো: রুবেল এবং সন্ত্রাসী মো: সোহেলসহ এই ঘটনায় জড়িত সকল অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে দৈনিক সাঙ্গু পরিবারের সদস্যবৃন্দ, চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। সকলের একদফা দাবি—”দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”