
আব্দুল মোমিন
আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরে ২০০ জন দিনমজুরের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা হুজ্জাতুল ইসলাম সাঈদের উদ্যোগে এসব দিনমজুরকে খাবার বিতরণ করা হয়।
পহেলা মে- আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা শ্রমজীবী মানুষের অধিকার, ত্যাগ ও অবদানের স্মারক হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। এই দিবসকে ঘিরে আয়োজিত কর্মসূচিতে দিনমজুরদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে তাদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করেছে এনসিপি।
আয়োজকরা জানান, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম হলেও তারা প্রায়ই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এনসিপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
খাবার বিতরণ কর্মসূচিতে হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, শ্রমজীবী মানুষের সম্মান ও অধিকার নিশ্চিত না হলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে ওঠা সম্ভব নয়। এনসিপি সবসময় শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, সকল ধর্মীয় মূল্যবোধেই শ্রমের মর্যাদা ও ন্যায্য প্রতিদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যা একটি মানবিক ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ভিত্তি।