নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলাটিতে মোট ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
আদালতের দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন দৈনিক চট্টগ্রামের কন্ঠকে জানান, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় আজ দুদকের পক্ষ থেকে আরও ২ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেছেন। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা
আলোচিত এই মামলাটিতে সাবেক মন্ত্রী ও ব্যাংকের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন:
প্রধান আসামি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬)।
অন্যান্য শীর্ষ আসামি: তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও রোকসানা জামান চৌধুরী (৫৬)।
ব্যাংকের সাবেক পরিচালক ও পদস্থ কর্মকর্তা: বশির আহমেদ (৫৫), আফরোজা জামান (৪৮), সৈয়দ কামরুজ্জামান (৬১), মো. শাহ আলম (৬২), মো. জোনাইদ শফিক (৬৪), অপরূপ চৌধুরী (৬৫), তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬), ইউনুছ আহমদ (৭৯), হাজী আবু কালাম (৭৯), নুরুল ইসলাম চৌধুরী (৬২), সাবেক চেয়ারম্যান এম এ সবুর (৭৭) এবং সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী (৬৪)।
ব্যাংকের অন্যান্য সাবেক কর্মকর্তা: মোহাম্মদ একরাম উল্লাহ (৫১), আবদুল হামিদ চৌধুরী (৫০), আবদুর রউফ চৌধুরী, জিয়াউল করিম খান (৪৬), মীর মেসবাহ উদ্দীন হোসাইন (৬২) ও বজল আহমেদ বাবুল (৫৬)।
আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারী: মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী (৫১), মোহাম্মদ মিছবাহুল আলম (৫০), আব্দুল আজিজ (৩৯), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৪), মোহাম্মদ হোছাইন চৌধুরী (৪৮), ইয়াছিনুর রহমান (৪৩), ইউছুফ চৌধুরী (৪৫), সাইফুল ইসলাম (৪৫), এজিএম উৎপল পাল (৫১), প্রদীপ কুমার বিশ্বাস (৫১), মো. জাহিদ (৪৫), মো. শহীদ (৪৯), মো. সুমন (৩৯), ইলিয়াস তালুকদার (৫০) এবং ওসমান তালুকদার (৪৮)।