সাতকানিয়ায় সরকারি গাছ চুরির সাক্ষী হওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের হামলায় জাহেদুল ইসলাম জাহেদ (৩০) নামের এক মোটরসাইকেল চালক খুন হয়েছেন। রবিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের আক্কার বর ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহেদুল একই ইউনিয়নের কালিনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘পিচ্চি জাহেদ’ নামে পরিচিত ছিলেন।

স্বজনদের অভিযোগ, সরকারি গাছ চুরির ঘটনায় সাক্ষী হওয়ায় জাহেদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জাহেদুল সাঙ্গু নদীতে বোট চালাতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

ঘটনার বিবরণ: জাহেদুল এক প্রতিবেশীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আক্কার বর ঘাটা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। কোনো কিছু বোঝার আগেই তারা জাহেদুলকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলায় জাহেদুলের মাথায় ও হাতে গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি আহত অবস্থায় পালিয়ে যান।

পুলিশের বক্তব্য: সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মামলা: এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।