সিএমপির ডবলমুরিংয়ে নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মী গ্রেপ্তার: ১৫ আগস্টের সভা থেকে আটক ৫ নারীসহ ১৫

মো: সেকান্দর আলম  চট্টগ্রাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিটতারিখ বিকেলে মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় একটি গোপন বৈঠক চলছে—এমন সংবাদ পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত ওই সভা থেকে ১৫ জনকে আটক করে।

অভিযানে নেতৃত্বদানকারী মূল অভিযুক্ত হিসেবে অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭)—যিনি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য—সহ মোট ১৫ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের উল্লেখযোগ্য পরিচয়:

অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭): স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদ।

মো. ইস্কান্দার মির্জা: দপ্তর বিষয়ক সম্পাদক, হালিশহর থানা আওয়ামী লীগ।

শুভ আইচ: ধর্ম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদ।

কামেলা খানম রুপা: সাবেক ভাইস চেয়ারম্যান, চন্দনাইশ উপজেলা এবং যুগ্ন আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগ।

সুজলা অন্তরা: সদস্য, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ ও সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।

শারমিনা ইয়াসমিন নিশু: সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদ।

এছাড়াও অভিযানে সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন এবং মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১২) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।