
অনলাইন ডেস্ক
কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পদবির চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (২০ এপ্রিল) নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন—১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সংগঠক জাহিদুর রহমান জাহেদ (২৯), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি বিশ্বজিৎ চৌধুরী (৩২), জাতীয় শ্রমিক লীগের বন্দর থানার সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম টিপু (৩৩) এবং সরকারি সিটি কলেজ ছাত্রলীগের কর্মী মোহাম্মদ কামরুল হাসান (২৯)।
পুলিশ জানিয়েছে, গত ১৪ এপ্রিল ভোরে কোর্ট হিল এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছু মানুষ জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল বলে অভিযোগ করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার আশঙ্কায় ঘটনাটি গুরুত্বসহকারে নেওয়া হয়।