চট্টগ্রামের বর্জ্য থেকে তৈরি হবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ: আগ্রহ প্রকাশ চীনা কনসোর্টিয়ামের

মো: আব্দুল মোবিন চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের ‘সিভিয়া-চায়না হার্বার-অর্চার্ড কনসোর্টিয়াম’। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে চট্টগ্রামের আবর্জনা থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি প্রস্তাবনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাছে উপস্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাইগারপাসস্থ কার্যালয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে চীনা প্রতিনিধি দলের এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এই প্রস্তাব দেওয়া হয়।

সভায় চীনা প্রতিনিধি দল জানায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ইতোমধ্যে তারা ৪১টি আধুনিক বিদ্যুৎকেন্দ্র সফলভাবে নির্মাণ ও পরিচালনা করছে। সম্পূর্ণ পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের বর্জ্য সমস্যা সমাধানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের আশ্বাস দেন তারা।

চীনা কনসোর্টিয়ামের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম একটি বন্দরনগরী ও দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। বিশ্বের উন্নত দেশগুলোর মতো এই বর্জ্যকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও সম্পদে রূপান্তর করার আধুনিক ধারণা বাস্তবায়নের সময় এসেছে এখন।”

মেয়র আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন নগরীর পরিবেশগত চাপ কমবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির নতুন উৎস সৃষ্টি হবে। এটি চট্টগ্রামের টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। তবে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রকল্পের কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করে নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

উক্ত সভায় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ চায়না হার্বার বাংলাদেশ, সিভিয়ার দক্ষিণ এশিয়া ডিভিশন এবং অর্চার্ড ডেভেলপারস অ্যান্ড কনস্ট্রাকশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ভবিষ্যতে এই প্রকল্পের বিস্তারিত কারিগরি ও সম্ভাব্যতা যাচাই কার্যক্রম (Feasibility Study) পরিচালনার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন।