চট্টগ্রাম ডিবি পুলিশের জালে ৫ মামলার আসামি: বিদেশি পিস্তলসহ গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামের এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর আতুরার ডিপো এলাকার কামারাবাদ মোড় থেকে তাকে আটক করা হয়।

অভিযান ও অস্ত্র উদ্ধার

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১ আতুরার ডিপোস্থ ‘পপুলার মেডিকেল হল’ ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় একটি সন্দেহভাজন যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে (চট্টগ্রাম-থ-১৪-৫০২৭) থামার সংকেত দিলে এক যাত্রী নেমে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে এবং উপস্থিত জনতার সামনে তল্লাশি চালায়।

তল্লাশিকালে আসামির কোমরে গোঁজা অবস্থায় ০১টি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের গায়ে ‘MADE IN U.S.A.’ লেখা রয়েছে।

আসামির পরিচয়

গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডের ফিরিস্তি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেছেন যে, তিনি উদ্ধারকৃত অস্ত্রটি ব্যবহার করে নগরীর বায়েজিদ বোস্তামী, চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ ও মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

পুলিশের ভাষ্য: গ্রেফতারকৃত সাইফুলের বিরুদ্ধে ইতিপূর্বে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ৫টি নিয়মিত মামলা রয়েছে।

বর্তমান অবস্থা

অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি নতুন মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে। নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।