​মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আনসারের সাহসিকতায় সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার

আবদুল মোমিন চট্টগ্রাম।

২৩ আগস্ট, ২০২৬

কক্সবাজারের মহেশখালীতে জাতীয় গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র’ থেকে চুরির একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। এ সময় চোর চক্রের ফেলে যাওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকে ডিউটিরত ছিলেন আনসার ব্যাটালিয়নের সিপাহি মো. সোহাগ হোসেন। ওই সময় বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তিনি তাদের দিকে এগিয়ে যান এবং গতিরোধ করার চেষ্টা করেন।

উপস্থিত টের পেয়ে দুর্বৃত্তরা সিপাহি সোহাগকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি তাদের প্রতিহত করেন। আনসার সদস্যের ধাওয়া খেয়ে চোর চক্রটি অন্ধকারের সুযোগে তামার তারের কুণ্ডলীগুলো ঘটনাস্থলেই ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার তার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

কক্সবাজার ১ আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে। এই চুরির চেষ্টার ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে।