শামসুল আলম রানা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের গ্রামীণ সড়ক (আতিয়ার পাড়া সড়ক দিয়ে যাওয়া) জামছড়ি খালের ওপর নির্মিত জামছড়ি সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর একটি অংশ দেবে গেছে এবং পিলারের নিচের মাটি সম্পূর্ণ সরে গেছে। এই চরম ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করছে।
সরেজমিন চিত্র
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরম্বা ইউনিয়নের আতিয়ারপাড়া, বাইয়ারপাড়া, নাছির মোহাম্মদ পাড়া, পদ্ম আশীখীল, মজিদারপাড়া, মহাজন মসজিদে যাতায়াত ও ওয়াহেদের পাড়াসহ পার্বত্য বান্দরবানের টংকাবতী ইউনিয়নের কয়েকটি পাড়ার প্রায় ৩০ হাজারের অধিক মানুষ এই সেতুটি দিয়ে যাতায়াত করেন।
জনদুর্ভোগ ও শঙ্কা
সেতুটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে প্রায় ৮টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে।
স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য এই সেতু দিয়েই বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করতে হয়। কিন্তু সেতুর এক অংশ দেবে যাওয়ায় এবং পিলারের নিচের মাটি সরে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় এলাকাাবাসী, শিক্ষার্থী ও পথচারীরা চরম আতঙ্কের মধ্যে এই সেতুটি ব্যবহার করছেন।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।