সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা: জরিমানা ও চুল্লী গুড়িয়ে অকার্যকর

নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ রোববার (২৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এক বিশেষ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সামছুজ্জামান।

আইন লঙ্ঘন ও দণ্ড প্রদান

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় অভিযানে দুটি ইটভাটাকে দণ্ড প্রদান করা হয়:

মেসার্স মা ব্রিকস (M.B.F): মালিক নিবারণ দেবনাথের এই প্রতিষ্ঠানকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

মেসার্স খাজা থ্রী (K.B-3): মালিক মো: শাহ আলমের এই ইটভাটা থেকে একটি বয়লার মেশিন জব্দ করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে চুল্লীটি সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হয়।

অভিযানে অংশগ্রহণকারী দল

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যগণ, আনসার সদস্য এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া কারিগরি সহযোগিতায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।

“পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এ ধরণের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।”