মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
চট্টগ্রামের সাতকানিয়ায় ৪ পুরিয়া গাঁজাসহ মোহাম্মদ নজরুল (৩৫) নামের এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২০ আগস্ট) রাত ১২:৩০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ নাছিরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সাজাপ্ত আসামির বিস্তারিত পরিচয়— সে পূর্ব বাজালিয়া এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল রাতে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে বাজালিয়া এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত আসামিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সাজা প্রদানের পর বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।