সিএমপি কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

মো: আব্দুল মোমিন, চট্টগ্রাম | ০২ জুলাই, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ জুলাই, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— কোতোয়ালী এলাকার ওসমানিয়া লেইনের মৃত আমিরুজ্জামানের ছেলে মোঃ ফজলুল করিম এবং একই এলাকার নন্দনকানন ১নং গলির বাসিন্দা মোহাম্মদ আব্দুল মালেক।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিদের মধ্যে মোঃ ফজলুল করিম দায়রা-১৩৭৩/২৫ মামলার প্রেক্ষিতে ২ মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত এবং মোহাম্মদ আব্দুল মালেক দায়রা-৫৫২১/২৩ ও সিআর-৮০/২৩ (চকবাজার) মামলার প্রেক্ষিতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এই দুই আসামি। গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।