
মোঃ হাসমত আলী পটিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে মো. দিদারুল আলম (৫৬) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত দিদারুল আলম চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা এবং নগরীর রিয়াজুদ্দিন বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত দিদারুল আলমের সঙ্গে একই এলাকার আবু তৈয়ব নামের এক ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। শুক্রবার রাতে মইজ্জারটেক এলাকায় তাদের মধ্যে দেখা হলে বিষয়টি নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে মারামারি শুরু হলে আবু তৈয়ব ও তার সহযোগীরা ইট দিয়ে দিদারুল আলমকে থেঁতলে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, ব্যবসায়িক লেনদেনের জের ধরেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেষ বিদায় ও জানাজা
নিহত দিদারুল আলমের জানাজার নামাজ শনিবার রাত ৯টায় তার গ্রামের বাড়ি সংলগ্ন দৌলতখান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
জানাজায় অংশগ্রহণ করেন পটিয়া-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এছাড়া উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার সদস্য সচিব মোহাম্মদ খোরশেদ আলম, স্থানীয় রাজনৈতিক নেতা মইনুল আলম ছোটন, শফিকুর রহমান এবং দৈনিক চট্টগ্রামের কণ্ঠের পটিয়া প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হাসমত আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যবসায়ীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।