বাঁশখালীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলামের

আবদুল মোমিন চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভায় এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, ডেঙ্গু-হাম প্রতিরোধ এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত সভায় কমিটির সম্মানিত উপদেষ্টা ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এসব নির্দেশনা প্রদান করেন।

সভায় অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং এলাকায় স্থায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

এবিসি সড়কের ভূমি অধিগ্রহণ দ্রুত করার তাগিদ

বাঁশখালীবাসীর দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত ‘এবিসি সড়ক’ প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার যাতায়াত ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।

স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ: বেসরকারি হাসপাতালে পৃথক সেল গঠনের নির্দেশ

স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের ভোগান্তি ও ভোগান্তির কথা তুলে ধরে এমপি অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, বর্তমানে ডেঙ্গু ও হামের সংক্রমণ রোধ এবং আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাঁশখালী ও আশপাশের এলাকার বেসরকারি হাসপাতালগুলোতে দ্রুত পৃথক ডেঙ্গু ও হাম সেল গঠন এবং রোগীদের জন্য বিশেষ সেবা (Special Care) নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে গৃহীত এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সকলে একমত পোষন করেন।