চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ মো. দিদারুল আলম মাসুম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে লালখান বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-পশ্চিম বিভাগের একটি চৌকস টিম রাত ৩:৩০ মিনিটের দিকে লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দিদারুল আলম মাসুমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম স্বীকার করে যে, পলাতক আসামি মো. সাহেদ ওরফে পিচ্চি (৩৫) এর সহায়তায় এক মাস আগে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি সংগ্রহ করেছিল সে। পরবর্তীকালে অস্ত্রটি লুকিয়ে রাখার জন্য সহযোগী সাহেদের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭:৫০ মিনিটের দিকে লালখান বাজার টাংকির পাহাড় সংলগ্ন গাজী কালু মাজার এলাকায় পুনরায় অভিযান চালায় ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি সাহেদ কৌশলে পালিয়ে গেলেও তার ঘর থেকে লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:
একটি সচল প্লাস্টিক বাটযুক্ত বিদেশি রিভলবার (যাহার ব্যারেলের গায়ে ‘A.M IBRAHIMJI & SON’ এবং ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে)।
০৫ রাউন্ড তাজা গুলি (প্রতিটি গুলির পেছনে 32 S&W LONG খোদাই করা)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাসুম ও পলাতক আসামি সাহেদের বিরুদ্ধে খুলশী থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।