মো: খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা
চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মৃত সয়েদ আহম্মদের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩১) এবং লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া এলাকার মাও. ফয়েজ আহম্মদের ছেলে মোঃ ইসমাইল (২৭)। এর মধ্যে সাইফুল ইসলাম মামলার এজাহারনামীয় আসামী এবং ইসমাইল তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী।
ঘটনার বিবরণ
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার সময় ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা রাস্তার মাথায় সামির হোটেলের সামনে নিজের দোকানের সামনে বসে ছিলেন শাহাদাত হোসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক ও হাতুড়ি নিয়ে একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি আঘাতে শাহাদাতের মাথার পেছনে গুরুতর জখম হয় এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
মৃত্যু ও মামলা
গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল ভোর ৬টা ৪৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
পুলিশের অভিযান
মামলা রুজুর পরপরই সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামী সাইফুল ও ঘটনার সাথে জড়িত সন্দেহে ইসমাইলকে গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানা পুলিশ জানায়, “হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
নিহত শাহাদাত হোসেন ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজ পাড়া এলাকার মৃত মোহাম্মদ শফির ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উত্তজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুততম সময়ের মধ্যে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।