আনোয়ারায় খালেদা বেগমের বসতঘর দখলের চেষ্টা, হামলা ও বিবস্ত্র করে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪৪ বছর বয়সী খালেদা বেগমের বসতঘর দখল করার অপচেষ্টা, ঘরে তালা ঝুলিয়ে দেওয়া এবং পরবর্তীতে তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে জখম করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘরছাড়া হয়ে বর্তমানে চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন এই ভুক্তভোগী নারী। এ ঘটনায় তিনি বাদী হয়ে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা (সি আর মামলা নং-৪৭৩/২০২৪ ইং) দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন— মির্জা খোকন (৩৫), পিতা- মৃত নুরুল আলম; আবুল কাশেমিণ্টু (৩৮), পিতা- নুরুল ইসলাম এবং জেসমিন আক্তার (৩৭), পিতা- মৃত নুরুল আলম। তারা সবাই আনোয়ারা থানার তৈলারদ্বীপ (নয়া পাড়া), হাজী লাল মিয়ার বাড়ির বাসিন্দা।

অভিযোগ ও হামলার বিবরণ:

মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী খালেদা বেগমের স্বামী একজন সহজ-সরল ব্যক্তি এবং তাঁদের কোনো বড় ছেলে না থাকায় পার্শ্ববর্তী বাড়ির অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের বসতঘরটি জবরদখল করার ষড়যন্ত্র চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত বছরের ১৫ জুন আসামিরা বাদীর বসতঘরে প্রবেশ করে ভাঙচুর ও মারধর চালায়। ওই ঘটনায় বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হলে (সি আর মামলা নং- ৩৭০/২০২৪) তা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

পূর্বের মামলার ক্ষোভ ও ঘর দখলের উদ্দেশ্যে গত ০৬/০৮/২০২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে আসামিরা খালেদা বেগমকে তাঁর বসতঘরে একা পেয়ে মূল গেটে তালা ঝুলিয়ে দেয়। এরপর লোহার রড ও গাছের লাঠি নিয়ে ঘরে প্রবেশ করে তাঁকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়।

এ সময় ১নং আসামি আগের মামলা তুলে নেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। তিনি এতে রাজি না হলে ১নং আসামি লাঠি দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে ফুলা জখম করে। এছাড়া ২নং আসামি রড দিয়ে হাত-পায়ে এবং ৩নং আসামি চুল ধরে টেনে উপুড় করে ফেলে কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় পিঠে ও বুকে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে এক সপ্তাহের মধ্যে মামলা তুলে না নিলে তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার হুমকি দিয়ে ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীকালে স্থানীয় লোকজনের সহায়তায় ও জানালা দিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন।

মানবেতর জীবনযাপন:

হামলার পর বাড়িছাড়া হয়ে বর্তমানে চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন অসহায় খালেদা বেগম। বসতঘর হারিয়ে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাঁদের।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনা ক্যাম্পে গিয়ে সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বর্তমানে এ ঘটনায় দ্রুত ন্যায়বিচার প্রাপ্তি এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।