মোঃ খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিন জেলা
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের ঘোষিত লং মার্চ সফল করার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলার ব্যস্ততম কেরানিহাট এলাকায় পথচারী, ব্যবসায়ী ও সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে লং মার্চের বিভিন্ন দাবি ও কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “দেশ ও জনগণের গণতান্ত্রিক অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই লং মার্চ। আগামী ৫ সেপ্টেম্বরের এ কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, কর্মসূচির সফলতা অর্জনে সংগঠনের মাঠপর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ আন্তরিকতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ ও কেরানিহাট শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।