প্রাথমিক বিদ্যালয়ে মাদকবিরোধী র্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার করইয়ানগর ঠাকুরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দিদারুল আলম। সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল আলম বলেন, “মাদকের বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে সচেতন ও সজাগ হতে হবে। তা না হলে সামাজিক পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম চরম ক্ষতির মুখে পড়বে। নিজ সন্তানদের মাদকমুক্ত রাখতে অভিভাবকদের মূল ভূমিকা পালন করতে হবে।” এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান বক্তা ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের সঠিক শিক্ষা নিশ্চিত হচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখা উচিত। সন্তানরা স্কুলে পৌঁছাচ্ছ কি না এবং কার সঙ্গে মেলামেশা করছে—সেদিকে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। সৎ সঙ্গ ছাড়া সন্তানদের সঠিক পথে রাখা সম্ভব নয়।”
সভাপতির বক্তব্যে দিদারুল আলম শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, “একটি শিক্ষিত জাতি গঠন এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী জ্ঞানের বিকল্প নেই। শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পল্লী চিকিৎসক নেপাল কান্তি দাশ।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিব্বাড়ি মজিদিয়া মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কান্তি দাশ এবং সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিহাব উদ্দিন মুহাম্মদ ইউসুফ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও ব্যবসায়ীদের মধ্যে নেপাল কান্তি দাশ, নাছির উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, কামাল হোসেন, ছৈয়দ নুর, আব্দুর রহমান সওদাগর, মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ জাবেদ উপস্থিত ছিলেন