চাটগাঁইয়্যা নওজোয়ানের দশক পূর্তিতে ৮ গুণীজনকে সম্মাননা

মাহমুদুজ্জামান নিশি

  1. চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষা রক্ষায় কাজ করে যাওয়া সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর নতুন কমিটির অভিষেক ও ১০ বছর পূর্তি (দশক পূর্তি) পালিত হয়েছে। শনিবার বিকেলে নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়।

শনিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে ব্যান্ড পার্টির তালে তালে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মোমিন রোড ও আন্দরকিল্লা চত্বর হয়ে সিরাজউদৌলা রোডে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সিরাজউদৌলা রোডের একটি কনভেনশন সেন্টারে মূল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাটগাঁইয়্যা নওজোয়ানের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চাটগাঁইয়্যা নওজোয়ান চাটগাঁর ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং অধিকার রক্ষার এক শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এক দশকে সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করে চট্টগ্রামের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে গেছে। মানবিক সেবা, যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং চট্টগ্রামের ঐতিহ্যকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এই সংগঠনের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “সাংস্কৃতিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করতে হবে। চাটগাঁইয়্যা নওজোয়ানের তরুণদের মেলবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলু ও সদস্য সচিব লায়ন হাজী মোহাম্মদ ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি দোস্ত মোহাম্মদ, মো. ইলিয়াছ উলু, আশরাফ উদ্দিন মাহমুদ ও আবু তাহের চৌধুরী।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ গুণীকে সম্মাননা

সমাজে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে আটজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন:

সাংবাদিকতা: দৈনিক আজাদীর সম্পাদক (একুশে পদকপ্রাপ্ত) এম এ মালেক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

শিক্ষা: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা।

সমাজসেবা ও ক্রীড়া: লায়ন রূপম কিশোর বড়ুয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

আইন ও বিচার: অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান।

সঙ্গীত ও সংস্কৃতি: সুফি ও ভান্ডারী গানের শিল্পী আহমদ নুর আমিরী।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের বার্ষিক স্মরণিকা ‘স্রোত’-এর মোড়ক উন্মোচন এবং ঐতিহ্যবাহী কাওয়ালী গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

স্বপ্না ও জিমির উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পপতি ও কণ্ঠশিল্পী রিয়াজ ওয়াজেদ, সংগঠনের সদস্য মাহমুদা জামান নিশূসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মাননা ও আয়োজন তরুণ প্রজন্মকে নিজেদের শিকড় ও ঐতিহ্য রক্ষায় নতুন করে উদ্বুদ্ধ করবে।