সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মাধ্যমে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকারীরা জানান, এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ অভিযোগের সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্মারকলিপি প্রদানকারীরা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অভিভাবক ও সচেতন মহলের পক্ষ থেকে দাবি জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।


