আবদুল মোমিন চট্টগ্রাম
রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজারের একটি মুদি দোকান থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরবর্তীতে সাপটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে নতুন বাজারের ব্যবসায়ী বিকাশের মুদি দোকানে সাপটি দেখতে পান স্থানীয়রা। দোকানের ভেতরে অজগর সাপটি পেঁচিয়ে থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ব্যবসায়ী বিকাশ তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।
সংবাদ পেয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরপর একই দিন বিকেলেই অজগরটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, বন্যপ্রাণীটি লোকালয়ে চলে এসেছিল। ব্যবসায়ীর বুদ্ধিমত্তা এবং বন বিভাগের দ্রুত পদক্ষেপের কারণে সাপটির কোনো ক্ষতি না করে নিরাপদে প্রাকৃতির আবাসে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।