আব্দুল মোমিন চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামের একটি বিদেশি জাহাজ থেকে পড়ে ইয়াসিন (৫০) নামের এক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকালে বন্দরের আলফা অ্যাঙ্করোজে অবস্থানরত জাহাজটিতে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ ইয়াসিন জাহাজটিতে একটি বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। স্টিভিডোর প্রতিষ্ঠানটি মূলত বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ করে থাকে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত জানান, রবিবার সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে ইয়াসিন জাহাজ থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই তাকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।